চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ ও ধর্ষণের দায়ে মো: সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোস্তাগীর আলম এই রায় ঘোষণা করেন।
আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দু’টি ধারায় রায় দেন। ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপহরণের দায়ে (৭ ধারা) তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মার্চ প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করেন সালাম। পরে ভুয়া কাবিননামা তৈরি করে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শেষে সালামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ভুক্তভোগীর বয়স ১৬ বছরের কম হওয়ায় এবং জবরদস্তির প্রমাণ পাওয়ায় আদালত এই কঠোর রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম এম শাহজাহান মুকুল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রায় ঘোষণার পর আসামিকে কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামিদের অব্যাহতি দেয়া হয়েছে।