মাদক সংশ্লিষ্টতায় কেউ ছাড় পাবে না : তথ্যমন্ত্রী

Printed Edition
3rd-1
গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন : নয়া দিগন্ত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন । তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় কোনোভাবেই রক্ষা করবে না, সবাইকে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো নেতাকর্মী বা প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না।’ তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হয়ে মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেন। একইসাথে আসন্ন ঈদযাত্রা নির্বিঘœ রাখতে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী। তিনি যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো: আনসার উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফখরুল ইসলাম মৃধা, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান ও হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখ।

এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।