শাবিপ্রবিতে মার্কিন ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন

Printed Edition
3rd-5
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন : নয়া দিগন্ত

শাবিপ্রবি প্রতিনিধি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মিনি ফাউন্ডার্স মিউজিয়াম’ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় বিশ্ববিদ্যালয়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসবিষয়ক বইয়ের একটি বিশেষ সংগ্রহও উপহার দেয়া হয়।

গতকাল ‘আমেরিকা সপ্তাহ’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ভবনের টিচার্স লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মিউজিয়ামটির উদ্বোধন করেন।

এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস শুধু একটি দেশের প্রতিষ্ঠার গল্প নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের প্রতীক। এই মিউজিয়াম শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রের ইতিহাস, স্বাধীনতার সংগ্রাম এবং গণতান্ত্রিক আদর্শ সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে। তিনি আরো বলেন, হোয়াইট হাউসের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনী স্থাপন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে জানতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে উপহার দেয়া বইগুলো শিক্ষার্থীদের ইতিহাসচর্চা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম রাষ্ট্রদূত এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রদর্শনী ও বইয়ের সংগ্রহ শুধু ঐতিহাসিক উপহার নয়, এটি জ্ঞান, সংলাপ ও অনুপ্রেরণার মূল্যবান সংযোজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্ব, উদ্ভাবন ও বৈশ্বিক নাগরিকত্ব সম্পর্কে সমৃদ্ধ ধারণা লাভ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শাবিপ্রবির অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতাকে আরো জোরদার করবে। ভবিষ্যতেও মার্কিন দূতাবাসের সাথে শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে তিনি রাষ্ট্রদূতকে পুনরায় বিশ্ববিদ্যালয় সফরের আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী (ইউএস অ্যালামনাই) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।