বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

ঢাকা-১ আসন

Printed Edition
bangla-1
খন্দকার আবু আশফাক, ব্যারিস্টার নজরুল ইসলাম

শওকত আলী রতন দোহার (ঢাকা)

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে জমজমাট ভোটের লড়াই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। নির্বাচনকে সামনে রেখে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছে এ দুইটি দল। এরই মধ্যে জামায়াত তাদের ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা শেষ করেছে। অন্য দিকে বিএনপিও তাদের প্রচার প্রচারণায় ভোটারদের মন জয় করতে কৌশলী হয়ে উঠছে। সাধারণ ভোটাররা মনে করছেন বিগত দিনে এ আসন থেকে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নির্বাচনী লড়াই হলেও এবার হবে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই।

ইতোমধ্যে এ আসনে বিএনপি থেকে নির্বাচনী টিকিট নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। অন্য দিকে জামায়াতের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ব্যারিস্টার নজরুল ইসলাম এ আসন থেকে জামায়াতের মনোনয়ন পেয়েছেন। এখানে জামায়াত একক প্রার্থী দিলেও বিএনপির মরহুম নেতা আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান এবং অ্যাডভোকেট সালমা ইসলামের স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। মেহনাজ মান্নান ও সালমা ইসলাম প্রার্থী হলে বিএনপির ভোটে ভাগ বসাবেন এই দুই স্বতন্ত্র প্রার্থী। সে ক্ষেত্রে বিএনপির ভোটের হিসাব পাল্টে যেতে পারে স্বাভাবিকভাবেই।

দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার নজরুল ইসলাম প্রথমবারের মতো এ আসন থেকে নির্বাচন করলেও তার পরিচিতি এবং ভোটারদের কাছে তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা যায়। গত বেশ কয়েক মাস ধরেই তিনি নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উঠান বৈঠক, প্রচারপত্র বিলি ও হাটবাজারে নিয়মিত গণসংযোগ এবং ভোটারদের সাথে মতবিনিময় করছেন। সেই সাথে দিচ্ছেন নির্বাচনী নানা প্রতিশ্রুতিও। এই আসন থেকে বিজয়ী হওয়ার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছেন দলের সাধারণ কর্মী ও সমর্থকরা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। দোহার উপজেলা জামায়াতে সেক্রেটারি নুর-এ-আলম ঝিলু বলেন, জোর করে ভোট আদায়ের দিন শেষ। ভোটাররা এবার জেনে বুঝে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আশা করি, আগামীর বাংলাদেশ গড়তে এবার ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অন্য দিকে বিএনপিও নির্বাচনকে সামনে রেখে সাধারন ভোটারদের ভোট পেতে নিরলসভাবে গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। দিনরাত পরিশ্রম করে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক। জনমত সৃষ্টি করতে এবং ভোট নিজেদের বাক্সো আনার জন্য উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছেন তিনি ও তার দলের কর্মীরা। দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, বিএনপিকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন সাধারণ ভোটাররা। তারা ব্যালটের মাধ্যমে এবার প্রমাণ করবে তাদের জনপ্রতিনিধি কে হবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা-১ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। দুই দলই সমানতালে মাঠে সক্রিয় থেকে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছে। তবে বিএনপির একাধিক স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকলে ভোটের সমীকরণ আরো জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।