পদ্মাপাড়ের টানে শিবচরে দর্শনার্থীদের ঢল
Printed Edition
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাদারীপুরের শিবচরে পদ্মাপাড় এখন উৎসবের জনপদ।
সরেজমিন গিয়ে দেখা যায়, প্রমত্তা পদ্মার পাড়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপচে পড়া ভিড়। এই ভিড় ও কোলাহল স্থায়ী হচ্ছে গভীর সন্ধ্যা পর্যন্ত।
শিবচরের কাঁওড়াকান্দি পুরাতন ফেরিঘাট থেকে কাঁঠালবাড়ী হয়ে জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ এখন ভ্রমণপিপাসুদের প্রধান গন্তব্য। বিশেষ করে সেতুর জাজিরা প্রান্তের তিন কিলোমিটার এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।
কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল বা অটোরিকশায় চড়ে উপভোগ করছেন নদীর স্নিগ্ধতা। বর্ষার আগমনে নদীতে পানি বাড়ছে, আর সেই পানিতে জেলেদের মাছ ধরার দৃশ্য মুগ্ধ করছে সবাইকে।
পদ্মাপাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে শুধু স্থানীয়রা নন, ঢাকা ও আশপাশের জেলা থেকেও এসেছেন অসংখ্য মানুষ।
পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে দলবেঁধে ঘুরতে দেখা গেছে অনেককে। কেউ সেতুর নিচে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন, আবার কেউ স্পিডবোট বা নৌকায় চড়ে ভাসছেন পদ্মার বুকে।
দর্শনার্থীদের ভিড় সামলাতে বসেছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি এবং ফুচকা-চটপটির অস্থায়ী দোকান। ঢাকা থেকে আসা এক দর্শনার্থী বলেন, ঈদের ছুটিতে পরিবারসহ পদ্মা সেতুর নিচে ঘুরতে এসে অন্যরকম এক প্রশান্তি পাচ্ছি। নিরাপত্তার বিষয়ে প্রশাসনও তৎপর। ঘুরতে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নৌপুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহল জোরদার
করা হয়েছে।