মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সংসদকে ভূমিকা রাখতে হবে : ড. মঈন খান
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গণতন্ত্রের বিকাশে সংসদকে মতপ্রকাশের স্বাধীনতার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সংসদ কার্যকর ভূমিকা রাখবে। সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক অংশ- এটিকে উত্তেজনা হিসেবে নয়, ইতিবাচক রাজনৈতিক চর্চা হিসেবে দেখা প্রয়োজন।’
গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, একদলীয় শাসনামলে সংসদে একপক্ষীয় বক্তব্যের প্রাধান্য দেখা গেলেও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকাটাই স্বাভাবিক। সবাই একইভাবে কথা বলবে না- এটাই গণতন্ত্রের বাস্তবতা। তিনি নবীন শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম এ মুবিন খান এবং মেডিক্যাল কলেজের পরিচালক কর্নেল ডা: সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী। এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশী-বিদেশী মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মিরসহ বিভিন্ন অঞ্চল থেকে ৫৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।