নাট্যাঙ্গনের নতুন বিস্ময় মাফতুহা জান্নাত জীম

Printed Edition
bino-2
নাট্যাঙ্গনের নতুন বিস্ময় মাফতুহা জান্নাত জীম

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের নাট্যাঙ্গনে প্রতি কয়েক বছর পরপর এমন কিছু প্রতিভার আবির্ভাব ঘটে, যারা কেবল গ্ল্যামার নয়; বরং সহজাত অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। গত এক দশকে মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, তানজিন তিশা কিংবা সাম্প্রতিক সময়ের তটিনী ও নাজনীন নীহার মতো অভিনেত্রীরা নিজেদের প্রমাণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ মৌসুমে নতুনদের মধ্যে এককভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মাফতুহা জান্নাত জীম।

চলতি ঈদে জীমের অভিনীত একাধিক নাটক ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে রাকিবুল হাসান তানভীরের ‘পাশে থেকো’ এবং মাবরুর রশীদ বান্নাহর ‘লাভ স্টোরি অব দ্য ইয়ার’ ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। এছাড়া টিভিতে প্রচারিত ‘তোমায় উড়াব রঙ্গে’, ‘পাখিরা অসহায়’, ‘কোথায় তুমি কোথায় আমি’, ‘লাভ ওয়ানস এগেইন’, ‘আমার স্বপ্ন তুমি’ এবং ‘মন কারিগর’-এর মতো নাটকগুলো জীমের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

জীম কেবল রোমান্টিক গল্পের ফ্রেমে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, ‘মন কারিগর’ নাটকে তাকে সম্পূর্ণ ভিন্ন এবং চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা গেছে, যা তার অভিনয়ের বহুমুখিতাকেই তুলে ধরে। নিজের কাজ নিয়ে উচ্ছ্বসিত জীম জানান, মাবরুর রশীদ বান্নাহর ‘তোমায় উড়াব রঙ্গে’ তার ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে দেখা এই নাটকের চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। জীম মনে করেন, দর্শক যখন কোনো কাজকে আপন করে নেয়, তখনই একজন শিল্পীর সার্থকতা। নতুন প্রজন্মের এই অভিনেত্রী বর্তমানে ময়মনসিংহের চরপাড়ায় নিজ বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষ করে আজই ঢাকায় ফিরছেন। কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠাবান জীম আগামীতে আরো বৈচিত্র্যময় ও জীবনধর্মী চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। তার এই সাবলীল অভিনয় এবং অভিনয়ের প্রতি একাগ্রতা ইঙ্গিত দিচ্ছে, দেশের নাট্যাঙ্গন ভবিষ্যতে আরো একজন শক্তিশালী ও পেশাদার অভিনেত্রীকে পেতে যাচ্ছে।