বগুড়ায় খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে মেসার্স সায়েম ট্রেডার্সের ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চার দিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে বগুড়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় সদর থানা পুলিশও সেখানে উপস্থিত হয়।

সায়েম ট্রেডার্সের মালিকের বড় ছেলে ডা: রায়হান জানান, বিদেশসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা খেজুর এখানে বাছাই ও রিপ্যাকিং করে প্যাকেটজাত করা হতো। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে বাসায় এসে খাওয়ার সময় আম্মুর কাছ থেকে শুনি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে। তিনি আরো জানান, গুদামের ছাদে থাকা প্রায় ৬০ লাখ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টন পুড়ে গেছে।