কাতালগঞ্জকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে হিজড়া খাল সংস্কার করা হচ্ছে : চসিক মেয়র

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর দীর্ঘ দিনের অভিশাপ জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে কাতালগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় হিজড়া খাল সংস্কার করা হচ্ছে।

গতকাল শনিবার সকালে কাতালগঞ্জ এলাকায় হিজড়া খাল সংস্কার ও খনন কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন একথা বলেন। পরিদর্শনকালে মেয়র খালের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বর্ষা মৌসুমের আগেই দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

মেয়র বলেন, গত বর্ষা মৌসুমে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা কমলেও কাতালগঞ্জ এলাকায় পানি জমেছিল। আমি নিজে সরেজমিন নালা পরিষ্কার করে সমস্যার মূল কারণ অনুসন্ধান করেছি। তখনই বুঝেছি, সাময়িক সমাধান নয়- স্থায়ী সমাধানের জন্য খালের প্রশস্ততা ফিরিয়ে আনা জরুরি।

চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে এক হাজার ৬০০ কিলোমিটার ড্রেন উন্নয়ন, আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরির কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান। ড্রেনেজ ব্যবস্থা আর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন হলে জলাবদ্ধতা হ্রাসে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে মন্তব্য করেন মেয়র। এ সময় মেয়রের সাথে কর্মকর্তা এবং স্থানীয় নেতারা মতবিনিময় করেন এবং বিভিন্ন পরামর্শ দেন।