আমরা এমন পুলিশ চাই যারা ক্ষমতার অপব্যবহার করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
Printed Edition
রাজশাহী ব্যুরো
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা এমন এক পুলিশ বাহিনী চাই, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি জোগাবে।’ তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই, বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত একটি সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল শনিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইন সবার প্রতি সমান এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদের দায়িত্ব অনেক বেশি। নিজেদেরকে এর উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি। আইনের চোখে সবাই সমান, হোক সে কোনো রাজনৈতিক কর্মী বা সাধারণ কৃষক।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশের জনবল বৃদ্ধিতে সরকার এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে।’ এ সময় তিনি জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করা হচ্ছে। এই কমিশনের কাজ হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে পুলিশ ক্রমান্বয়ে আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের দায়িত্ব হবে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা। নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’
বক্তব্যের শুরুতে মন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
এর আগে মন্ত্রী শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৭২ জন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তেল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার
তেল চোরাচালান বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের মূল্যবৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্যবৃদ্ধি না করা সরকারের সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। গতকাল শনিবার বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, বোরো মৌসুমে কৃষকদের যেন অসুবিধা না হয় সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবরাহ করছে সরকার। তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
জ্বালানি মজুদসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, জ্বালানি সঙ্কটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।