অ্যারচ্যারি বিশ^কাপে ১৩ অ্যারচ্যার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
চীনের সাংহাই শহরে পর্দা উঠতে যাচ্ছে অ্যারচ্যারি বিশ্বকাপের স্টেজ-২ আসরের। বৈশ্বিক এই প্রতিযোগিতায় লাল-সবুজের পতাকা ওড়াতে প্রস্তুত ১৩ সদস্যের বাংলাদেশ দল। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের নারী, পুরুষ, দলগত এবং মিশ্র মোট ১০টি ইভেন্টের সব ক’টিতেই লড়বেন বাংলাদেশের অ্যারচ্যাররা।
তবে এবারের বিশ্বকাপ যাত্রায় সবার আলাদা নজর কেড়েছেন রিকার্ভ আরচ্যার নাসরিন আক্তার। এক বছর পার হওয়া ছোট্ট শিশুসন্তানকে বাড়িতে রেখেই দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই অদম্য মা। ১৩ মাসের সন্তানকে ছেড়ে যাওয়ার বিষয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, একজন মা হিসেবে এই সিদ্ধান্ত নেয়াটা চরম কঠিন। কিছুক্ষণ পর পরই সে তার মাকে খুঁজবে। এর পরও শুধুমাত্র দেশের হয়ে খেলার তাগিদেই বিশ্বকাপে যেতে হচ্ছে।’
সাংহাই বিশ্বকাপ নিয়ে কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, এই টুর্নামেন্ট মূলত তাদের আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির বড় একটি অংশ। পাশাপাশি এই বৈশ্বিক আসর থেকেও ভালো ফলাফলের প্রত্যাশা করছেন তিনি।
গত মাসেই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে সোনা জিতেছিল বাংলাদেশ। সোনা জয়ী দলের অন্যতম সদস্য হিমু বাছাড় আত্মবিশ্বাসের সুরে জানান, এশিয়া কাপের সেই দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতা তারা বিশ্বকাপেও ধরে রাখতে চান।
এশিয়া কাপে স্বর্ণপদক এনে দেয়া তিন অ্যারচ্যার হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব এবং ঐশ্বর্য্য রহমানকে ৪০০ মার্কিন ডলার করে ও দলের তিন কোচকে ২০০ ডলার করে আর্থিক পুরস্কার দিয়েছেন ওয়ার্ল্ড অ্যারচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল।