চট্টগ্রামে বির্জাখাল খনন নিয়ে মেয়রের সাথে জামায়াতের মতবিনিময়
Printed Edition
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। গতকাল মঙ্গলবার বেলা ১টায় সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, এফডিইবি সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন ও ইঞ্জিনিয়ার টিপু প্রমুখ।
সিটি করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দীন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম চৌধুরী। এ শাহজাহান চৌধুরী বলেন, ইতোমধ্যে জামায়াতের নেতৃবৃন্দ বির্জাখাল পরিদর্শন করেছেন। টেকনিক্যাল টিম খাল খনন ও পরিচ্ছন্নতার ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করেছেন।
সভায় খাল খননে এক্সেভেটর, কাদা অপসারণের জন্য ড্রাম ট্রাক, ভ্যানসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আলোচ্য খালের ডাউন স্ট্রিম খাল চাক্তাই ডাইভারশান খালে স্থাপিত বাঁধ অপসারণে সময় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও খালের বিএস এলাইনমেন্ট চিহ্নিতকরণ ও ডিজাইন এলাইনমেন্ট প্রস্তুত, খালসংলগ্ন রাস্তার অবৈধ স্থাপনা অপসারণ ও বৈধ স্থাপনা সাময়িক অপসারণে প্রশাসনিক সহায়তা নিশ্চিতকর, খনন ও পরিষ্কারের পর যাতে পূর্বের অবস্থায় না যেতে পারে সে বিষয়ে তদারকি নিশ্চিত করার জন্য মেয়রের সহযোগিতা এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়োজিত প্রতিষ্ঠানের সহায়তা প্রত্যাশা করা হয়।