সীমান্তে ফের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা

Printed Edition

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার সময় বিজিবির বাধায় নির্মাণ কাজ বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল রোববার সকালে উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এ ঘটনা ঘটে। এ বেড়া নির্মাণে চেষ্টা বিজিবির বাধার মুখে বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। এ নিয়ে উক্ত সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।

গত শনিবার ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয় । একই সাথে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।

স্থানীয়রা জানান কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন।

বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আজ সোমবার দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।