প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম প্রিন্সিপাল, ভাষা সংগ্রামী, শিক্ষাবিদ এবং বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের গোপালপুর থানার বিরামদী গ্রামে (বর্তমান ভূঞাপুর উপজেলার শাহবাজনগরে) জন্মগ্রহণ করেন এবং ২৯ মার্চ ১৯৭৮ সালে ইন্তেকাল করেন। তিনি ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম এ এবং ১৯২৩ সালে বিএল ডিগ্রি অর্জন করেন। তিনি টাঙ্গাইলের করটিয়ায় এইচ এম ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকতা ও পরবর্তীতে কয়েক বছর ময়মনসিংহ জেলার জজকোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত করটিয়া সা’দত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে একটানা প্রায় ২২ বছর দায়িত্ব পালন করেন। তিনি ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিরপুর সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, বাংলা একাডেমির অন্যতম উদ্যোক্তা- সম্মানিত ফেলো ও প্রথম দুই কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, ঢাকার ধানমন্ডিস্থ কাকলি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং বিকেবির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।
বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে- ইস্তাম্বুল যাত্রীর পত্র, নয়াচীনে একচক্কর, আলু বোখারা, কামাল পাশা, আনোয়ার পাশা, ঋণ পরিশোধ, কাফেলা, মায়ের বুলি, জহুর ধোপা, নছর পেয়াদা।
এ ছাড়া তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বাতায়ন’ একটি সামাজিক দলিল। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী মাসে ইব্রাহীম খাঁ ফাউন্ডেশন, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসঙ্ঘ ঢাকার উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুরে ইব্রাহীম খাঁ সরকারি কলেজে, করটিয়া সরকারি সা’দত কলেজে এবং ঢাকার বাংলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও একটি তথ্যসমৃদ্ধ স্মরণিকা প্রকাশ করা হবে।
এ ছাড়া মৃত্যুবার্ষিকী স্মরণে আজ টিভি চ্যানেলের অনলাইনে তার জীবন ও কর্মের ওপর এক আলোচনা অনুষ্ঠান প্রচারিত এবং ইব্রাহীম খাঁ ফাউন্ডেশন ও প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ স্মৃতিসঙ্ঘ এবং ভূঞাপুর অঞ্চলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রিন্সিপাল ইব্রাহীম খাঁর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।