মধুপুরে ভুয়া পুলিশের এসআই আটক

Printed Edition

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের মধুপুর থানায় ভুয়া পুলিশ পরিচয়ে তদবির করতে এসে এক যুবক আটক হয়েছেন। আটক ব্যক্তির নাম মো: মিজানুর রহমান (৩০)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভাণ্ডার গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এসে মিজানুর রহমান নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দেন। তিনি দাবি করেন, ৩৬তম ব্যাচের একজন এসআই হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত তিনি। পরে তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি-সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে চেষ্টা করেন।

এ সময় কর্তব্যরত এসআই সেলিম সিকদারের কাছে তার আচরণ ও বক্তব্য সন্দেহজনক মনে হলে বিষয়টি সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলামকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন, তিনি পুলিশের সদস্য নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন। পুলিশ জানায়, একটি পক্ষের হয়ে চুক্তিভিত্তিক কাজ করতে গিয়ে তিনি প্রতারণার চেষ্টা করেন।

পরে তাকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে বলে জানান মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক। তার কাছ থেকে পুলিশের পোশাকসদৃশ একটি জ্যাকেট, একটি সোল্ডার লাইট এবং একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল উদ্ধার করা হয়।