২৫ এপ্রিলের গণমিছিল সফলের আহ্বান
গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব : গোলাম পরওয়ার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফলের উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্বঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশের নাগরিকরা অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করেছে। সুতরাং এই রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।