মালয়েশিয়ার জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

আশরাফুল মামুন, মালয়েশিয়া
Printed Edition
artho-1
মালয়েশিয়ার জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জিওমেটিকায় শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন (বৃহস্পতিবার) কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৭তম এ সমাবর্তনে অংশ নেন ছয় শতাধিক শিক্ষার্থী।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তোহ পুয়ান দাতো উইরা ডা: হাজাহ আসমাহ বিনতি হাজি আব্দুল রহমান। তিনি সমাবর্তন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি, ডিপ্লোমা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি জিওমেটিকা মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর দাতুক মোহাইজি মোহামেদ এবং আন্তর্জাতিকীকরণ ও ব্র্যান্ডিং সংক্রান্ত উপউপাচার্য ও বোর্ড অব গভর্নরের সদস্য অ্যাসোসিয়েট প্রফেসর ড. মামিনুল ইসলাম মোমিন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪০টিরও বেশি দেশের ১,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। ড. মামিনুল ইসলাম মোমিন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল কুয়ালালামপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সমাবর্তন ভাষণে তোহ পুয়ান দাতো উইরা ডা: হাজাহ আসমাহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করছেন। আমি আপনাদের আহ্বান জানাই সততা দিয়ে নেতৃত্ব দিন এবং সমাজ ও পেশাগত জীবনে গঠনমূলক অবদান রাখুন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, সেরা থিসিস, এবং নেতৃত্বে অনন্যতা অর্জনকারীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এ ছাড়াও যারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন, তাদের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।