এবার কম্পাউন্ড নিয়ে অলিম্পিকের স্বপ্ন

Printed Edition
khela-2
কম্পাউন্ড দলগত ইভেন্টে স্বর্ণজয়ী তিন আরচ্যার : আরচ্যারী ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

খোদ অলিম্পিক গেমসেই ছিল না আরচ্যারির কম্পাউন্ড ইভেন্ট। তাই বাংলাদেশেও একটু অবহেলার কাতারেই ছিল কম্পাউন্ড ইভেন্ট। যেহেতু অলিম্পিকে নেই তাই আরচ্যারীর এই ইভেন্ট নিয়ে ততোটা উচ্ছ্বাস ছিল না। স্রেফ কিছু আন্তর্জাতিক আসরে অংশ নিত। পদকও ছিল। তবে আগামী অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে কম্পাউন্ড ইভেন্ট। তা মিশ্র দ্বৈতে। বাংলাদেশ সর্বশেষ দুই অলিম্পিক গেমসে রিকার্ভ ইভেন্টে এককে সরাসরি কোয়ালিফাই করেছিল। টোকিও অলিম্পিকে রোমান সানার পর প্যারিস অলিম্পিকে সাগর ইসলাম কোয়ালিফাই করেন। টোকিওতে রিকার্ভ মিশ্র দ্বৈতেও বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল। সেখানে রোমান সানার সাথে তার স্ত্রী দিয়া সিদ্দিকী খেলেছিলেন। এবার কম্পাউন্ড দলগততে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ন জিতেছে। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কম্পাউন্ডের মিশ্র দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। ১২ দল খেলতে পারবে এতে। তাই এই ১২ দলের একটি হয়ে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ডেরও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। যে কারনে এখন কম্পাউন্ড বিদেশী কোচও আনার চেষ্টা হচ্ছে।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ আলো জানান, যুক্তরাষ্ট্র্রে একটি ইনডোর আরচ্যারি টুর্নামেন্ট হবে। সেখানে বিভিন্ন দেশের কোচরা আসবেন। একই সময়ে সেখানে ওয়ার্ল্ড আরচ্যারির কংগ্রেসও হবে। তখন কোচদের সাথে আলাপ করব বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য।’ তার মতে, ‘আরচ্যারি কোচ অনেক ব্যয়বহুল। আমাদের বর্তমান জার্মান কোচ মার্টিন ফ্রেডেরিখস রিকার্ভে ভালো। কম্পাউন্ডেও কোচিং করাতে পারে। তবে এই ইভেন্টে একজন স্পেশালিস্ট কোচ দরকার। সাধ্যের মধ্যে যতটুবু সম্ভব সে চেষ্টাই করব কোচ আনার জন্য। লক্ষ্য, অলিম্পিক গেমসে কম্পাউন্ডেও কোয়ালিফাই করা।’ যোগ করেন, আমরা কিন্ড গত ৮/৯ মাস ধরেই কম্পাউন্ডে ভালো করার জন্য নানামুখী পরিকল্পনা নিয়েছি। সে আলোকেই সাফল্য আসতে শুরু করেছে।

পরশু থাইল্যান্ডে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং স্টেজ ওয়ানের খেলায় ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেন হিমু বাছার, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য রহমানরা। তবে যেহেতু ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসে কম্পাউন্ড দলগত ইভেন্ট নেই। এবার এশিয়া কাপে কম্পাউন্ড মিশ্র দ্বৈতে বাংলাদেশের কুলসুম আক্তার মনি ও নেওয়াজ আহমেদ রাকিব কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের কাছে টাইব্রেকারে হেরে যান। প্রথমে দুই দলের স্কোর ১৫৪-১৫৪ হওয়ার পর টাইব্রেকারে সিঙ্গাপুর বাংলাদেশকে ২০-১৮ পয়েন্টে হারায়।