কী ভূমিকা থাকবে বাংলাদেশের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সিরিজ জিততে কোন ধরনের পিচ বেছে নেবে ব্যাটিং ফ্রেন্ডলি, স্পোর্টিং নাকি স্পিনিং ট্র্যাক? পাশাপাশি শেষ ম্যাচে বাংলাদেশের কম্বিনেশন কেমন হবে? পাকিস্তানকে হারাতে আবারো তিন পেসার, দুই স্পিনার, ছয় ব্যাটার ফর্মুলাই বহাল থাকবে? নাকি সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ শেষ ম্যাচে স্পিন ফ্রেন্ডলি পিচ বেছে নিয়ে তিন পেসারের বদলে তিন স্পিনার নিয়ে নেমে পড়বে- এমন প্রশ্ন কিন্তু উঠছে।

টিম ম্যানেজমেন্টের মনোভাবও স্পস্ট। উইকেটের আদল বা চরিত্র কোনোভাবেই পাল্টে ফেলা যাবে না। তার মানে উইকেট যেমন আছে তেমনই থাকবে। বাংলাদেশ স্পোর্টিং উইকেটেই খেলতে চাচ্ছে। সূত্রমতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উইকেটের চরিত্র বদলের বিপক্ষে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, ‘খেলার ফল যাই হোক, পক্ষে যাক না যাক, বাংলাদেশ আগের দুই ম্যাচে যেমন পিচে খেলেছে, সেই ধরনের উইকেটেই খেলতে চায়। এখন থেকে এই ধরনের স্পোর্টিং, না হয় খানিক বাউন্সি পিচেই খেলা হবে।’

স্পোর্টিং ও খানিক ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে বাংলাদেশের বোলারদের যেমন সামর্থ্যে কমতি আছে, একই সমস্যা ব্যাটারদেরও। তারা ভালো উইকেটেও ভালো ব্যাটিং, মানে স্বচ্ছন্দে খেলতে পারেন না। শেষ কথা হচ্ছে, মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। প্রথম ম্যাচে টার্গেট কম থাকায় খেলা হাতে চলে এসেছিল। জিততে হলে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ অতিক্রম করার ইচ্ছা, সাহস ও উদ্যম থাকতে হবে।

উইকেটের চরিত্র না পাল্টালে হয়তো দলের ফরমেশন বা কম্বিনেশন একই থাকবে। ওই তিন পেসার, দুই স্পিনার আর ছয় ব্যাটার ফর্মুলা বহাল থাকবে। তবে একাদশে পরিবর্তন আসতে পারে। ওপেনার সাইফ হাসান দুই ম্যাচেই সুবিধা করতে পারেননি। শুধু রান কম করাই নয়, খেলার ধরন আর আউট হওয়ার ধরনও ছিল বাজে। তার জায়গায় সৌম্য সরকারের শেষ ম্যাচ খেলার একটা প্রচ্ছন্ন সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে তানজিদ তামিমের সাথে সৌম্যকে আবার ওপেন করতে দেখা যেতে পারে। একইভাবে তিন ফাস্ট বোলার তাসকিন, মোস্তাফিজ এবং নাহিদ রানার মধ্যে একজনকে বিশ্রাম দেয়া হতে পারে। বাঁ হাতি ফাস্ট বোলার শরিফুল ইসলামও থাকতে পারেন।