লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে তৃতীয় টি-২০তে জ্যোতি বাহিনী নেমেছিল হোয়াইটওয়াশ এড়াতে। কিন্তু বৃষ্টি বিঘিœত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় লঙ্কানদের কাছে ৩ রানে হেরেছে স্বাগতিকরা। ভুলে যাওয়ার মতো একটা সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে টি-২০ সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

শেষ ছয় বলে প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলেই নিগার সুলতানার বিদায়ে ম্যাচ আরো হেলে পড়ল শ্রীলঙ্কার দিকে। তবে লড়াই চালিয়ে গেলেন সুলতানা খাতুন। পরের চার বলে করলেন ৯ রান। কিন্তু শেষ বলে পাঁচ রানের সমীকরণে একের বেশি করতে পারল না বাংলাদেশ।

সিলেটে বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ ৯ ওভারে নামিয়ে আনা হলেও জিততে পারেনি বাংলাদেশ। প্রথম দুই টি-২০ হেরে যাওয়ায় সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ হেরেছে ৩-০ ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি শুধু রাজশাহীতে প্রথম ওয়ানডে জয়। তারপর টানা পাঁচটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০, দু’টি সিরিজই হার স্বাগতিকদের।

বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় টি-২০। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে বিকেল ৪টায় খেলা শুরু হয়েছে। আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামানো হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগে ব্যাটিং পেয়ে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি ২১ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। চতুর্থ ওভারের তৃতীয় বলে দুলানিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন সুলতানা খাতুন। শুরুতে যে ঝড়ের ইঙ্গিত দিয়েছিল, সেটা আর ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৯ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে থামে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন আতাপাত্তু। ২৭ বলের ৫ চার ও ১ ছক্কা মেরেছেন লঙ্কান অধিনায়ক। সুলতানা খাতুন ২ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে থামে। দ্বিতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ২০ বলে ৩০ রানের জুটি ছাড়া বলার কিছু ছিল না স্বাগতিকদের ইনিংসে। মোস্তারির ১৫ বলে ২১ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান। শ্রীলঙ্কার আতাপাত্তু, সুগন্ধিকা কুমারি নিয়েছেন দু’টি করে উইকেট।

ম্যাচসেরা, সিরিজসেরা দু’টি পুরস্কারই পেয়েছেন আতাপাত্তু। তৃতীয় টি-২০তে ২৭ বলে ৪১ রানের পাশাপাশি ২ ওভারে ১৫ রানে নিয়েছেন ২ উইকেট। আর তিন ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ ১১৫ রান করেন তিনি। গড় ৩৮.৩৩ ও স্ট্রাইকরেট ১২২.৩৪। পেয়েছেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ৯ ওভারে ৮৭/৯ (আতাপাত্তু ৪১, ইমেশা ১৯, কাভিশা ১৫, সুলতানা ৩/৮, মেঘলা ১/১৬)।

বাংলাদেশ : ৯ ওভারে ৮৪/৬ (দিলারা ৯, জুয়াইরিয়া ১৫, সোবহানা ২১, নিগার ১৩, স্বর্ণা ৪, রিতু ৩, শারমিন ১*, সুলতানা ৯*; সুগান্দিকা ২/২২, আতাপাত্তু ২/১৫, নিমাশা ১/১৬, মিথালি ১/১৩)।

ফল : শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।

ম্যাচ ও সিরিজ সেরা : চামারি আতাপাত্তু।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী শ্রীলঙ্কা।