ইমরান খানের চিকিৎসা অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে আপিল
Printed Edition
দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যসেবা ও পরিবারের সাথে সাক্ষাতাধিকারের বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তার বোন ডা: উজমা খান। ওই রায়ে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, ব্যক্তিগত চিকিৎসকদের প্রবেশাধিকার, পরিবারের সাথে সাক্ষাৎ এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রদানের আবেদন খারিজ করা হয়েছিল।
সোমবার জ্যেষ্ঠ আইনজীবী উজাইর কারামত ভান্ডারির মাধ্যমে দাখিল করা আবেদনে বলা হয়, আবেদনকারী সরাসরি পক্ষ না হলেও রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি রায়ের দৃষ্টান্ত তুলে ধরা হয়, যেখানে বলা হয়েছিল- কোনো আদেশে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তা চ্যালেঞ্জ করতে পারেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ইমরান খান ও তার স্ত্রী আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে তার দুই ছেলে বিদেশে অবস্থান করছেন। আবেদনকারী হিসেবে বোন ডা: উজমা খান নিজেকে সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় এবং চিকিৎসক হিসেবে উল্লেখ করে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান খানের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।
এতে আরো বলা হয়, পাকিস্তানে তিনি ইমরান খানের সবচেয়ে নিকটাত্মীয় হওয়ায় আপিল করার আইনগত অধিকার রাখেন।