সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই খুনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটে। নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো: আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ (৪৭)। স্থানীয় ইউপি সদস্য মো: আওলাদ হোসেন নয়া দিগন্তকে জানান, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিল। এ সময় তার বাবা আকল মিয়া নাতীদের মারধর করতে বাধা প্রদান করেন, একপর্যায়ে বাবা-ছেলের বাগি¦তণ্ডা হয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে তার বড়ভাই যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোটভাই মশিক। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা।
চাঁদা না দেয়ায় দোকানে হামলা
পয়লা বৈশাখ উদযাপনের জন্য চাঁদা না দেয়ায় পটুয়াখালীতে একটি মুরগির দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দোকান মালিক খোকন মল্লিক (৪৪) মারধর ও চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। গত মঙ্গলবার দুপুরে সদর থানাসংলগ্ন জেলা পুলিশ ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হয়েছে, যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী খোকন মল্লিকের অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫) ও সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮)-সহ তাঁদের সহযোগীরা পয়লা বৈশাখ উদযাপনের নামে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং এড়িয়ে চলার চেষ্টা করেন। গতকাল দুপুরে ফোনে পুনরায় চাঁদা দাবি করার কিছুক্ষণ পরেই বাবুল গাজী, শামীম, মনির (৪৫), সাইফুল ইসলামসহ ১০ থেকে ১২ জন তাঁর দোকানে হামলা চালায়। কিল-ঘুষির পাশাপাশি বাবুল গাজী চাপাতি দিয়ে খোকনের বাম হাতে গুরুতর আঘাত করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। পটুয়াখালী প্রতিনিধি।
গৌরনদীতে ভুয়া এসবি কর্মকর্তা আটক
ঢাকা-বরিশাল মহাসড়কের খানজাপুর এলাকায় চেকপোস্টে গাড়ি থামিয়ে নিজেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সদস্য পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করেছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেছেন। আটক ছাত্তার হোসেন উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে। পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামানো হলে চালক সাত্তার নিজেকে এসবি সদস্য দাবি করেন। তবে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে চলাফেরা করছিলেন। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।
দর্শনায় অবৈধ ১৩০ লিটার ডিজেল জব্দ
চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ করায় এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহীন আলম। অভিযানে সূত্রে যায়, দর্শনা পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজ মালিক সেলিম উদ্দীন শান্তর তেলের দোকান থেকে ট্রাক্টর ড্রাইভারে কাছে ডিজেল তেল বিক্রয় করতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দর্শনা থানার পুলিশ ঘটলাস্থলে এসে সত্যতা পেয়ে ট্র্যাক্টরসহ ড্রাইভারকে আটক করে। পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমকে জানালে তিনি রাত পৌনে ১২টায় ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মেসার্স এস আর এন্টারপ্রাইজে মালিক সেলিমউদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানাসহ দোকানে থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করেন। চুয়াডাঙ্গা থেকে প্রতনিধি।
পাটগ্রামে সাব রেজিস্ট্র্রার নেই
লালমনিরহাটের পাটগ্রামে দীর্ঘদিন থেকে কোন সাব রেজিস্ট্রার নেই। বছরের পর বছর ধরে খণ্ডকালীন সাব রেজিস্ট্রার দিয়ে চলছে অফিস। তবুও তিনি আসেন সপ্তাহে একদিন। দিনের অর্ধেক দিন দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ক’টি দলিল সম্পন্ন করতে পারেন সেই অভিযোগ ভুক্তভোগীদের কোনো কারণে কেউ জমি রেজিস্ট্রি করতে না পারলে তিনি পড়েন চরম ভোগান্তিতে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিস সূত্র জানায় ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি সাব রেজিস্ট্রার রতন লাল অধিকারী এখান থেকে বদলি হয়ে যান। এরপর পাঁচ বছর গত হলেও এই অফিসে স্থায়ী কোনো সাব রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়নি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার রাশিদুজ্জামান ওই অফিসে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসেন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার। বহু দূরত্বের পথ থেকে এসে তার পক্ষে এখানে দায়িত্ব পালন করা খুবই কষ্টসাধ্য। দলিলের মতো একটি স্পর্শকাতর বিষয় এই অল্প সময়ে সম্পাদন করা খুবই দুরূহ ব্যাপার। ভুক্তভোগীরা অভিযোগ করেন সাব রেজিস্ট্রার না থাকায় তারা সঠিক সময়ে জমি দলিল করতে পারছেন না অন্যদিকে যেসব দলিল সম্পাদন হচ্ছে সেসব জমির জাবেদা নকল পাচ্ছেন না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। শুধু কি তাই এতে সরকারের রাজস্ব আয়ও দিন দিন হ্রাস পাচ্ছে। প্রতি সপ্তাহে যেখানে তিন থেকে চারশত দলিল পার করা হতো সেখানে গত বৃহস্পতিবার জমি দলিল হয়েছে মাত্র ১০৬টা। উপজেলাবাসী সরকারের কাছে এসব হয়রানি থেকে রক্ষা পেতে ওই অফিসে দ্রুত স্থায়ী একজন সাব রেজিস্ট্রার নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন। পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা।
কুমিল্লায় ৪ কোটি টাকা মূল্যের পণ্য ধ্বংস
কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ছয় ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ এন্ড্রয়েড মোবাইল সেট ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব পণ্যে বর্তমান বাজার মূল্য চার কোটি টাকারও বেশি। গতকাল বুধবার নগরীর গোমতী নদীর পাড়ে কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস পণ্যের মধ্যে ছিল শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, আইএমই নম্বরবিহীন এন্ড্রয়েড মোবাইল সেট। কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা সামছুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমিল্লা প্রতিনিধি।
চৌগাছায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
যশোরের চৌগাছায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর শহরের কপোতাক্ষ ব্রিজঘাট এলাকা থেকে থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে কয়েকজন ব্রিজের নিচে গাছের ছায়াই বসে ছিলেন। এ সময় তাদের চোখে পড়ে লোহার একটি বস্তু। পরে তারা সেটি মাটির ভেতর থেকে বের করেন। মর্টারশেল বুঝতে পেরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি উদ্ধার করেন ও নিরাপদ স্থানে সরিয়ে নেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল আমিন শিকদার জানান, খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করেছেন। এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় শত্রুদের ব্যবহার করা একটি শক্তিশালী মর্টারশেল বলে ধারণা করা হচ্ছে। তবে মাটে থাকায় সেটি নষ্ট হয়ে গেছে। চৌগাছা (যশোর) সংবাদদাতা।