জঙ্গল ছলিমপুরে র্যাব সদস্য নিহতের ঘটনায় গ্রেফতার আরো ৩
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র্যাবের ডিডি নিহতের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: পারভেজ (৩৫), মো: বেলাল (৩০) ও সাইদুল ইসলাম (২৬)। র্যাব জানিয়েছে, তারা তিনজনই এজাহারভুক্ত আসামি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন জানান, শুক্রবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকা থেকে পারভেজকে গ্রেফতার করা হয়।
একই দিন চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে বেলাল এবং বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়।
গত ১৯ জানুয়ারি র্যাবের একটি দল জঙ্গল ছলিমপুরে অভিযানে গেলে স্থানীয়দের হামলায় র্যাব সদস্যরা আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর নায়েক সুবেদার মো: মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ থেকে ২০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে।
র্যাবের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অভিযান ও গ্রেফতার কার্যক্রমে মোট ২০ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ১৩ জনকে র্যাব এবং সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর প্রায় তিন হাজার ১০০ একর খাস জমিজুড়ে বিস্তৃত একটি পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা, যা দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে।