পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পথে ইরান
Printed Edition
তাসনিম নিউজ
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে ইরান। সংসদসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো বর্তমানে জরুরিভিত্তিতে এই প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তেহরানের ডেপুটি মালেক শরিয়তি জানান, ইরানের পারমাণবিক অধিকার রক্ষায় একটি জরুরি পরিকল্পনার তিনটি প্রধান দিক রয়েছে। এর মধ্যে রয়েছে এনপিটি থেকে প্রত্যাহারের ঘোষণা, ২০১৪ সালের ইরান পারমাণবিক চুক্তির বাস্তবায়নে পাল্টাব্যবস্থা আইনের বাতিল এবং সমমনা দেশগুলোর সাথে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের জন্য নতুন আন্তর্জাতিক চুক্তিতে সমর্থন। এসব দেশের মধ্যে সাংহাই এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস জোটের সদস্য রাষ্ট্রগুলো রয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চল সতর্ক অবস্থায় রয়েছে। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতেই এনপিটি থেকে প্রত্যাহারের বিষয়টি সামনে এসেছে।
বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে ইরান পারমাণবিক উপাদানকে অস্ত্র তৈরির পর্যায়ে সমৃদ্ধ করার বিষয়ে ওয়াশিংটন দীর্ঘকাল ধরে আপত্তি জানিয়ে আসছে।