বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা
Printed Edition
বাসস
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সাথে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে দুই টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গতকাল দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি। বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ভাড়া ২৮ পয়সা করে বাড়ানোর; কিন্তু সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা বাড়িয়েছে।
তিনি বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, সমন্বয় বলা যাবে। কারণ, সারা দেশে বাসভাড়া আগে থেকেই নির্ধারিত আছে। সে ভাড়ার সাথে এখন কিলোমিটারে ১১ পয়সা করে যুক্ত হবে।
মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সাথে এখন যুক্ত হয়েছে ১১ পয়সা। ফলে এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এ বৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ। তিনি বলেন, আগে আন্তঃজেলা বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ। দ্রুতই মন্ত্রণালয় থেকে এ বাসভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করা হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।