বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে অংশ নেয়া সাতজন পাকিস্তানি ক্রিকেটারকে। ফলে টুর্নামেন্টের মাঝপথেই তাদের ছাড়তে হতে পারে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি। ১২তম বিপিএল শেষ হবে ২৩ জানুয়ারি, ডাম্বুলায় ৭-১১ জানুয়ারি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান টি-২০ সিরিজ।
এই সিরিজে পাকিস্তান স্কোয়াডে জায়গা পেয়েছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা ওপেনার খাজা নাফি, অলরাউন্ডার ফাহিম আশরাফ, রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ, ঢাকা ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান এবং পেসার সালমান মির্জা এবং সিলেট টাইটান্সের ওপেনার সাইম আইয়ুব।
বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশ লিগে অংশ নেয়া বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীদের এই সিরিজে বিবেচনায় আনেনি পিসিবি। তবে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে বোর্ড।
পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।