ভারতের কর্নাটকে ট্রাক-বাস সংঘর্ষে মৃত্যু ১৭
Printed Edition
এনডিটিভি
ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন। বুধবার দিবাগত রাত ২টায় ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেসরকারি মালিকানাধীন একটি স্লিপার বাস বেঙ্গালুরু থেকে শিমোগা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষের ফলে বাসের জ্বালানি ট্যাংকে ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আটজন বাসযাত্রী ও ট্রাকচালকের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা যাত্রী আদিত্য সে রাতের লোমহর্ষক বর্ণনায় জানান, সংঘর্ষের পরপরই চারদিকে মানুষের আর্তনাদ শুরু হয়ে যায়। আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বাসের মূল দরজাটি খোলা সম্ভব হয়নি। প্রাণ বাঁচাতে মরিয়া যাত্রীরা জানালার কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
কয়েকজন যাত্রী পরস্পরকে টেনে বের করতে সক্ষম হলেও দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের কারণে অনেককেই বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ট্রাকটি সরাসরি বাসের তেলের ট্যাংকে আঘাত করায় জ্বালানি দ্রুত ছড়িয়ে পড়ে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনার ফলে তুমকুর রোডে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে শত শত যানবাহন ও পর্যটক দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন। গোকর্ণগামী এক নারী পর্যটক ভিডিও বার্তায় সড়কের করুণ পরিস্থিতির কথা তুলে ধরেন।