ইলিয়াস আলীসহ গুমকৃতদের সন্ধান চেয়েছে সিলেট বিএনপি
Printed Edition
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলীসহ গুম হওয়া সব নেতাকর্মীর সন্ধান ও গ্রেফতার নেতাদের মুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে স্থানীয় বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক বরাবর তিন দফা দাবিসংবলিত এই স্মারকলিপি দেন সিলেট জেলা বিএনপি নেতারা। স্মারকলিপিতে বলা হয়েছে- সিলেট-২ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে তার নিজ বাসা থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল দিবাগত রাতে ব্যক্তিগত গাড়িচালক আনছার আলীসহ গুম করা হয়। আজ এ ঘটনার ১৩ বছর পূর্ণ হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। কেবল ইলিয়াস আলীই নয়; বরং সিলেটের সাবেক ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদসহ আরো অনেক বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, যাদের এখনো কোনো হদিস মেলেনি।
সম্প্রতি ফ্যাসিবাদী সরকারের পতনের পর, বিভিন্ন কথিত ‘বন্দিশালা’ বা ‘আয়নাঘর’ থেকে মুক্ত হয়েছেন একাধিক গুম হওয়া ব্যক্তি। আমাদের বিশ্বাস, ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী এখনো জীবিত এবং কারো না কারো হেফাজতে রয়েছেন। আমরা নিশ্চিত তৎকালীন শাসনামলের কিছু ব্যক্তি তার অবস্থান সম্পর্কে জানে।
স্মারকলিপি প্রদানকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মামুনুর রশিদ মামুন, নাজিম উদ্দিন লস্কর, সামিয়া বেগম চৌধুরী, গউছ আলী, লিলু মিয়া, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, জেলা যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, অ্যাড. বদরুল ইসলাম চৌধুরী, তাসনিম শারমিন তামান্না, আল মামুন খান, মাহবুব আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাদ জোহর হজরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।