একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে নারীর প্রতি সহিংসতা : ড. শফিকুল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, সরকার একদিকে নারীর ক্ষমতায়নের নামে ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্যদিকে তাদের দলীয় সন্ত্রাসীরাই নারীর প্রতি ভয়াবহ সহিংসতা চালাচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে সরকারদলীয় নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। নারী ও শিশুদের ধর্ষণের পর পৈচাশিক কায়দায় হত্যা করা হলেও সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে নিবেদিত একটি সংগঠন। দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করা হলেও জনস্বার্থবিরোধী কোনো কাজ সরকারকে করতে দেয়া হবে না।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট টেনে জামায়াত নেতা বলেন, চব্বিশের ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে শহীদ করার ঘটনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দীন নীরব ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জুলাই গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো আওয়ামী লীগের গণহত্যাকে পরোক্ষ সমর্থন দিয়েছেন। এই গণহত্যার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।’
ড. মাসুদ আরো যোগ করেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন যখন রক্তক্ষয়ী হয়ে ওঠে, তখন কৃষক, শ্রমিক ও প্রবাসীরাও এতে সংহতি জানায়। গণ-আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালালেও তাদের দোসর রাষ্ট্রপতি এখনো স্বপদে বহাল রয়েছেন। তিনি অনতিবিলম্বে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ আব্দুল হাকিম খান এবং অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারসহ স্থানীয় পর্যায়ের নেতারা।
অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।