১১ বছরের অপেক্ষা ফুরাল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের তিনটি শতরানের উদ্বোধনী জুটি এসেছে মিরপুরেই। ২০১৪ এশিয়া কাপে দুই ওপেনার এনামুল হক বিজয়-ইমরুল কায়েস জুটি বেঁধে ১৫০ রান যোগ করেছিলেন। ঠিক তার পরের বছর (২০১৫ সালে) তামিম-সৌম্য ১৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর তানজিদ তামিম ও সাইফ হাসানের ব্যাটে ১০৫ রানের জুটিতে ফুরাল বাংলাদেশের ১১ বছরের অপেক্ষা।
শেরেবাংলাতেই ২০১৫ সালে পাকিস্তানকে বেধড়ক পিটিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করেছিলেন তারা। পরের ১১ বছরে ওয়ানডেতে ছয়বার বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হলেও শতরানের উদ্বোধনী জুটি হয়নি। সপ্তমবারে এসে ওপেনিং জুটিতে পার হয়েছে শতরান।
পাকিস্তানের বিপক্ষে এবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৫ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ আট উইকেটের বিশাল জয় পেলেও ২৭ রান এসেছিল উদ্বোধনী জুটিতে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ২৩ ওভারে বাংলাদেশ গুটিয়ে গেছে ১১৪ রানেই। মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুই ওপেনার তানজিদ হাসান তামিম-সাইফ হাসান গড়েছেন শতরানের জুটি।