বিআইএ মসজিদে দোয়া মাহফিল

আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে : শাহজাহান চৌধুরী এমপি

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজে খতমে কুরআন সম্পন্ন হওয়ায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা বুঝে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়জীবনে বাস্তবায়নের জন্য নাজিল হয়েছে। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, কুরআন পড়ুন, কুরআন বুঝুন এবং কুরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিন। কুরআনের আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান কুরআনের মাস। এ মাসে কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার অঙ্গীকার করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি মুসল্লিদের প্রতি কুরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন ও বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারী প্রমুখ।