লিগ ওয়ানে শীর্ষে ফিরল পিএসজি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফ্রান্স লিগ ওয়ানে আবার টেবিলের শীর্ষে ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্ট্রসবুর্গের বিপক্ষে গত পরশু ১০ জন নিয়ে খেলে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। গুয়েলা দুয়ের গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সফরকারীদের ১-১-এ সমতায় ফেরান সেনি মায়ুলু। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় আশরাফ হাকিমি আশরাফ হাকিমি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের রক্ষা করেন নুনো মেন্ডিস। এই জয়ে ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ৪৬। আর সমান ৩৯ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে লিয়নের চেয়ে এগিয়ে তিনে আছে মার্সেই।

এ দিকে ইতালিয়ান সিরি ‘আ’তে আরো এগিয়ে গেল শিরোপা পুনরুদ্ধারে ছুটতে চলা ইন্টার মিলান। ক্রেমোনিচের বিপক্ষে তাদেরই মাঠে গত পরশু ২-০ গোলে জয় পেয়েছে সান সিরোর দলটি। প্রথমে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লাউতারো মার্টিনেজ। আর ব্যবধান দ্বিগুণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন পিওতর জিলিনিস্কি। এ দিন বড় জয় পেয়েছে জুভেন্টাসও। পার্মার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে লুসিয়ানো স্প্যালেত্তির দল। এই জয়ে ২৩ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৬তম পার্মা। ২৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে ১৫তম ক্রেমোনিচ। আর শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৫।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি। অপর ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাল প্যালেস। টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি। এই ড্র’র ফলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়ল সিটিজেনরা।