নেতানিয়াহুর শাসনামলে ইসরাইল বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে : সাবেক পররাষ্ট্রমন্ত্রী

Printed Edition
onno-5
জিপি লিভনি

এএফপি

ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ তুলেছেন যে, তার প্রশাসন ইসরাইল রাষ্ট্রের মূল ভিত্তিগুলোকেই ধ্বংস করে দিচ্ছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিভনি উল্লেখ করেন, একটি সার্বভৌম রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড, সবার জন্য সমান আইন এবং অস্ত্রের ওপর একক কর্তৃত্ব থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে ইসরাইলের কোনো স্বীকৃত সীমানা নেই এবং সেখানে সবার জন্য অভিন্ন আইন ও বিচারব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় আইনের সমান্তরালে ধর্মীয় আইন কার্যকর করা হচ্ছে।

তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে সশস্ত্র সেটলার মিলিশিয়া বাহিনী গঠন এবং অনির্দিষ্টকালের দখলদারত্বকে প্রশ্রয় দেয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোকে পঙ্গু করে দেয়ার অভিযোগ আনেন। লিভনির মতে, এই উগ্র মিলিশিয়া বাহিনীগুলো এখন নিজেদের ইচ্ছেমতো তাণ্ডব চালাচ্ছে এবং সরকার কার্যত রাষ্ট্রটিকেই ভেঙে ফেলছে।

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেটলারদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিনিদের ওপর দমনপীড়নের প্রেক্ষাপটে লিভনির এই মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে এখন এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে, ইসরাইল বর্তমানে ‘বর্ণবৈষম্য’ বা অ্যাপার্থাইডের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটন করছে। ইসরাইলি মানবাধিকার সংস্থা ‘বিটিসেলেম’ স্পষ্টভাবে জানিয়েছে যে, ইসরাইল তার নিয়ন্ত্রণাধীন পুরো অঞ্চলে একটি বর্ণবাদী শাসন পরিচালনা করছে। একইভাবে ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নিপীড়ন ও বর্ণবৈষম্যমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।