মেঘনার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী
Printed Edition
লক্ষ্মীপুর প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন।
গতকাল শনিবার কমলনগর উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের লুধিয়া ঘাট এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের সাথে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ভাঙন থেকে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা রক্ষায় তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ চলছে। পানিসম্পদমন্ত্রী দিনব্যাপী এ দুই উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ভাঙন প্রবণ এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান এবং সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।