বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অ্যাডগ্রেড অংশের সংস্কার দ্রুত শেষ করার তাগিদ সেতু সচিবের
Printed Edition
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আবদুল্লাহপুর ইন্টারসেকশন পরিদর্শন করেছেন। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালে উত্তীর্ণ হওয়ায় এবং প্রস্তাবিত আরডিপিপি একনেক কর্তৃক অনুমোদিত না হওয়ায় এবং ঠিকাদার না থাকায় ওই ইন্টারসেকশনের কাজ শেষ করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে ওই প্রকল্পের অ্যাটগ্রেডের আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজটি প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সাথে চলতি বছরের ১৯ জানুয়ারি চুক্তি সই এবং ১ মার্চ কার্যাদেশ দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনার আলোকে গত ৫ মার্চ হতে ওই অংশের অস্থায়ী মেরামত কাজ জরুরি ভিত্তিতে শুরু হয়েছে। ঈদযাত্রা নির্বিঘœ করার লক্ষ্যে ঠিকাদারের মাধ্যমে ওই অংশের অস্থায়ী মেরামতকাজ করা হয়েছে। ফলে জনভোগান্তি অনেকাংশে কমবে। পরিদর্শনকালে সচিব ওই অংশের অস্থায়ী মেরামতকাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্থায়ী অর্থাৎ রিজিড পেভমেন্ট কাজের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী রিজিড পেভমেন্ট কাজটি যথাসময়ে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।