মেসির ৯০০ গোলের অপেক্ষা বাড়ল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

৯০০ গোলের মাইল ফলক স্পর্শের দ্বারপ্রান্তে লিওনেল মেসি। ৮৯৯ গোল করা মেসির আর মাত্র এক গোল দরকার। সবার প্রত্যাশা ছিল গতকালই এই কৃর্তি গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু উত্তর আমেরিকার ক্লাব টুর্নামেন্ট কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে গতকাল সেই অর্জন হলো না তার। শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের সাথে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। মানে মেসি গোল পাননি। তার যেমন অর্জন হয়নি। তেমনি দলও জিততে পারেনি। এতে ৯০০তম করার জন্য আরো অপেক্ষায় থাকতে হচ্ছে এই কিংবদন্তি ফুটবলারকে।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে পুরো ম্যাচেই কড়া পাহারায় রেখেছিল ন্যাশভিলের ডিফেন্ডাররা। উত্তর আমেরিকান ক্লাব লড়াইয়ের দ্বিতীয় লেগ আগামী বুধবার মায়ামির মাঠে অনুষ্ঠিত হবে। গত শনিবার মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ের ম্যাচে মায়ামির হয়ে ৮০তম গোলটি করেন মেসিÑ সেটিই ছিল তার ক্যারিয়ারের ৮৯৯তম গোল।

ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর বৃষ্টি নামলেও ম্যাচে আধিপত্য ছিল মূলত রক্ষণভাগের। ৫৭ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু ডি-বক্সের ডান দিক থেকে নেয়া তার ডান পায়ের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক।

৬৫ মিনিটে ন্যাশভিলের রিড বাকের হোয়াইটিংয়েরর হেড থেকে সম্ভাব্য গোল বাঁচান ইন্টার মায়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ার। সেই হেড ঠেকিয়ে ম্যাচটি গোলশূন্যই রাখেন তিনি।