বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ পুলিশ নিহত

Printed Edition

আলজাজিরা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় অন্তত আটজন পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। গতকাল শনিবার ভোররাতে স্থানীয় সময় প্রায় ৩টার দিকে কোয়েটা শহরের একাধিক থানায় জাতিগত বেলুচ বন্দুকধারীরা হামলা চালায়।

বেলুচিস্তানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিদ্রোহীরা রাষ্ট্রীয় বাহিনী, বিদেশী নাগরিক এবং অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালায়। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও পাকিস্তানের সবচেয়ে দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, কোয়েটা, পাসনি, মাসতুং, নুশকি ও গওয়াদার জেলায় বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এসব হামলা দুর্বল পরিকল্পনা ও নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার কারণে ব্যর্থ হয়েছে। তবে নিহতের সংখ্যা নিয়ে তিনি মন্তব্য করেননি। কিছু নিরাপত্তা সদস্যকে বন্দী করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইন্টারনেট ও ট্রেনসেবা স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা অভিযান চলছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ, যা প্রদেশের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন, এ হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, সামরিক স্থাপনা, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। পাকিস্তান সরকার এখনো বিএলএ’র দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। শনিবারের এ হামলার একদিন আগে সেনাবাহিনী জানিয়েছিল, বেলুচিস্তানে দু’টি অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রতিবেশী প্রদেশ থেকে আসা পাকিস্তানিদের পাশাপাশি বিদেশী জ্বালানি কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করছে। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান প্রদেশের সম্পদ শোষণ করছে। গত বছর বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়। দুই দিনের অবরোধে বহু মানুষ নিহত হয়।