ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্ব

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি কড়া অবস্থান প্রশাসনের

Printed Edition
3rd-5
রাঙ্গামাটিতে ছাত্রদলের দু’পক্ষের বিরোধের পর আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান : নয়া দিগন্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী ও বনরূপা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে ৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একটি ছাত্রসংগঠনের পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের সমর্থকদের উত্তেজনাপূর্ণ অবস্থানের কারণে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এর আগে, ৩ মে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সংগঠনের একাংশ। এতে চরম ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।

বর্তমানে ১৪৪ ধারার আওতায় চারজনের বেশি লোকের জমায়েত, মিছিল-সমাবেশ এবং অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।