জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস উদযাপন
মালদ্বীপ বিএনপির দোয়া
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসঙ্ঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিউ ইয়র্কের একটি হোটেলে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতিসঙ্ঘে নিযুক্ত প্রায় ১৫০টি দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসঙ্ঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসঙ্ঘের সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ বহুপক্ষীয়তাকে তার পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হিসেবে ধারণ করে আসছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অব্যাহত মানবিক সহায়তার বিষয়ে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, গত পাঁচ দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা অতিক্রম করে জাতিসঙ্ঘ সনদের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি সাধন করেছে।
অনুষ্ঠানের শুরুতে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ২৬ মার্চ কেবল একটি জাতির জন্মলগ্নই নয় বরং এ দিনটি বাঙালি জাতির অদম্য ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক। এর আগে সকালে মিশনের অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশিষ্টজনদের বাণী পাঠ করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মালদ্বীপে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মালদ্বীপ থেকে প্রতিনিধি জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির মালদ্বীপ শাখা। শুক্রবার রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার গুরুত্ব এবং শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা বশীর (আপেল), গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি রওশন আরা, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি মো: ফারুক, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হানিফ ও সদস্য সচিব নুর নবী মানিক প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এরপর উৎসবমুখর পরিবেশে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপস্থিত নেতাকর্মীরা।