বকেয়ার দাবিতে চট্টগ্রামের কালুরঘাটে শ্রমিক অবরোধ
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকার এফআইডিসি রোডে আজিম টাওয়ারের আজিম গ্রুপের সাভার সোয়েটার লিমিটেড ও অর্কিড সোয়েটার লিমিটেডের প্রায় দেড় হাজার শ্রমিক বকেয়া ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো এলাকায়।
শনিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন।
শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে তাদের বেতন-ভাতা অনিয়মিত হয়ে পড়েছে। বারবার আশ্বাসের পরও বেতন-ভাতা না পেয়ে তারা কাজ বন্ধ রেখে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
কারখানা দু’টির মালিক শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজীম। কারখানায় প্রায় এক হাজার ৬৭০ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের দাবি, ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের ওভারটাইম দেয়া হয়নি এখনো। প্রতি মাসে বেতন দিতে দেরি করছে। ঈদুল আজহার আগে বোনাস ও মে মাসের হাফ বেতন দিতে হবে।প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিবে আজিম গ্রুপের দু’টি কারখানার নারী-পুরুষ শ্রমিকরা একযোগে কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। প্রথমে তারা প্রায় আধা ঘণ্টা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপর শ্রমিকরা সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।