র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ নবীনগরে তোলপাড়
Printed Edition
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একাধিক মামলার আসামি শফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে র্যাব সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় তিন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আহত র্যাব সদস্যদের দেখা যায় এবং হামলাকারীদের হুমকিমূলক বক্তব্য শোনা যায়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার নূর নবী জানান, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য চার সদস্যের একটি দল নবীনগর-বাঞ্ছারামপুর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় খাগাতুয়া গ্রামের ভেতরে শফিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলায় হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল কাজল মিয়া ও কনস্টেবল আব্দুল মালেক আহত হন। তাদের মধ্যে দুজনের হাত ভেঙে গেছে এবং একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তবে সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে গিয়ে অন্য সদস্যদের খবর দিতে সক্ষম হন।
খবর পেয়ে র্যাব সিপিসি-১ এর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পুলিশের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, আহত র্যাব সদস্যরা চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় চলে গেছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে হত্যা, হামলা, চুরি ও ভাঙচুরসহ অন্তত ২৮টি মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।