সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে তহবিল সঙ্কট উপজেলা পর্যায়েও মৌলিক সরঞ্জাম কেনার অর্থ নেই
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মতো কোনো তহবিল বর্তমানে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়কমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, শুধু উন্নয়ন নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো মৌলিক চিকিৎসা উপকরণ কেনার পর্যাপ্ত অর্থও নেই।
গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মো: শামীম কায়সারের বিধি-৭১ এর নোটিশের ওপর করা এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার ১০-২০টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং কয়েকটি কমিউনিটি ক্লিনিকের যে চিত্র তুলে ধরেছেন, সেটি আসলে সারা দেশের সামগ্রিক পরিস্থিতিরই প্রতিফলন। বিগত সরকারের সময় ব্যাপক লুটপাট ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের বর্তমান এই নাজুক অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, অনেক চলমান প্রকল্পেও সঠিক পরিকল্পনার অভাব ছিল। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২৫০ শয্যার যেসব হাসপাতাল নির্মাণাধীন রয়েছে, সেগুলোর নকশায় গুরুতর ত্রুটি রয়েছে। কোথাও প্রবেশপথের মাঝখানে অপরিকল্পিতভাবে বাথরুম স্থাপন করা হয়েছে, যা ব্যবহারের অযোগ্য হয়ে পড়তে পারে। তড়িঘড়ি করে কাজ শুরু করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।