রাফিনহা আউট নেইমার ইন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
হাইতির বিপক্ষে ফিলাডেলফিয়ায় একেকটা গোলের পর সাম্বা নৃত্যে উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। মরক্কোর সাথে ড্র করে যে সমালোচনার মুখে পড়েছিল, তাতে করে হাইতিকে হারিয়ে ব্রাজিলের বাঁধভাঙা উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা কিছুতেই সেলেকাওদের পিছু ছাড়ছে না। এবার তারকা খেলোয়াড় রাফিনহাকে পরের ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ২৫ জুন মিয়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড।
ব্রাজিলের দুশ্চিন্তা নেইমারকে নিয়ে নয়। হাইতি ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষেই খেলছেন নেইমার। কিন্তু দলের আরেক তারকা রাফিনহাকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় তার চোখের পানি, কোচ আনচেলত্তির উদ্বেগ সবকিছু মিলিয়ে তাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ব্রাজিল। সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এবার তাকে (রাফিনহা) স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া যাচ্ছে না।
সবশেষ তিন মাসে দুইবার ডান পায়ের চোটে পড়েছেন রাফিনহা। ফ্রান্সের বিপক্ষে মার্চে প্রীতিম্যাচের পর হাইতি ম্যাচে ডান ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিবিএফের বরাতে ‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না। রাফিনহার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। শিগগিরই তাকে মাঠে দেখা যাবে বলে আশা সিবিএফের। ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসকেরা রাফিনহার দেখাশোনা করছেন। তারকা এই ফরোয়ার্ডকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
রাফিনহাকে নিয়ে ব্রাজিল জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কাইতানো ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা করতে না করেছেন। কাইতানো বলেন, ‘কোনো ফুটবলারকে সম্ভাব্য চোটের কারণে বদলি করতে হলে পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আশা করি বিষয়টি গুরুতর নয়। এটা একটি সাধারণ সমস্যা এবং সে দ্রুতই ফিরবে। রাফিনহার শারীরিক সক্ষমতা অসাধারণ। যখন আমরা পরীক্ষার ফল দেখব, তখন ভক্ত-সমর্থকদেরও আশ্বস্ত করতে পারব।’
হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দু’টিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি।