রোবটের কাছে আত্মসমর্পণ!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দুই সেনাসদস্য হাত ওপরে তুলে আত্মসমর্পণ করছেন এবং প্রতিপক্ষের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। তবে এই দৃশ্যপটে একটি বড় চমক রয়েছে। সেখানে কোনো রক্তমাংসের মানুষ বা বিজয়ী সেনা উপস্থিত ছিল না। তার বদলে দুই রুশ সেনা আত্মসমর্পণ করছিলেন ইউক্রেনীয় ল্যান্ড রোবট (স্থল ড্রোন) এবং আকাশপথের ড্রোনের কাছে।

এই পুরো প্রক্রিয়াটি কয়েক মাইল দূর থেকে নিরাপদ অবস্থানে বসে নিয়ন্ত্রণ করছিলেন একজন ইউক্রেনীয় পাইলট। আধুনিক যুদ্ধকৌশলের এই অভূতপূর্ব পরিবর্তন এখন আর কল্পবিজ্ঞান নয়, বরং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিয়মিত বাস্তবতায় পরিণত হয়েছে।

সম্প্রতি ইউক্রেনীয় ইউনিটের কমান্ডার মাইকোলা ‘মাকার’ জিনকেভিচ এই অভাবনীয় অভিযানের বর্ণনা দিতে গিয়ে সিএনএনকে জানান, একটি গুলি খরচ না করেই তারা রুশ অবস্থান দখল করতে সক্ষম হয়েছেন। তার পরিচালিত ‘এনসি ১৩’ ইউনিটটি মূলত স্থলভিত্তিক রোবটিক স্ট্রাইক সিস্টেম নিয়ে কাজ করে। গত গ্রীষ্মে পরিচালিত এ অভিযানটিকে ইতিহাসের প্রথম ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে, যেখানে কোনো পদাতিক সৈন্যের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ড্রোন এবং রোবট ব্যবহার করে শত্রুপক্ষকে বন্দী করা হয়েছে।

প্রযুক্তিগত এই অগ্রগতির একটি বড় উদাহরণ হলো ইউক্রেনের থার্ড আর্মি কোরের একটি ল্যান্ড রোবট, যা মাত্র একবার চার্জ দিয়ে এবং সামান্য রক্ষণাবেক্ষণের মাধ্যমে টানা ৪৫ দিন একটি রুশ অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছিল। কমান্ডার জিনকেভিচ স্পষ্টভাবে জানিয়েছেন, জনশক্তির দিক থেকে রাশিয়ার সাথে পাল্লা দেয়া ইউক্রেনের জন্য কঠিন। তাই তারা সংখ্যার অভাব মেটাতে প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে বেছে নিয়েছেন।