শেরপুরে রেজাউল করিম হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান দাবি জামায়াতের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
শেরপুরে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় মামলা হলেও এখনো খুনিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, খুনিরা চিহ্নিত। তাদের নামে মামলা করা হয়েছে। কিন্তু তারপরও এখনো খুনিদের গ্রেফতার করা হয়নি।
গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চিহ্নিত খুনিদের গ্রেফতার না করলে, যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেসব উদ্ধার না করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে না। মানুষের মনে আতঙ্ক থাকবে। সরকার যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে কথা বলছে তা বিঘিœত হবে। খুনিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার না করলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো।
বিভিন্নস্থানে বিএনপির প্রার্থীরা ভোটারদের টাকাসহ বিভিন্ন উপঢৌকন দিচ্ছে বলে অভিযোগ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, নারী কর্মীরা ভোট চাইতে গেলে দেশের বিভিন্ন স্থানে বাধা, হুমকি ও মারধর করা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনকে আজ আবার স্মারকলিপি দেয়া হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো আর কেউ যেন ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা না করেন। আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। কোনো স্বৈরশাসকদের ঠাঁই হবে না। নারী নির্যাতনকারী, চাঁদাবাজদের ঠাঁই হবে না।
সংবাদ সম্মেলনে তিনি ২৯-৩১ জানুয়ারি সময়ে সময়ের মধ্যে কিছু ঘটনার বর্ণনা দেন। তিনি অভিযোগ করেন, শেরপুরে আলোচিত হতাহতের ঘটনা ছাড়াও গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের হামলায় শিবিরের অন্তত পাঁচ কর্মী আহত হয়েছে। চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় আবু তালেব (৫২) নামে এক ভিক্ষুককে মারধর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভোলা-২ আসনে জামায়াত প্রার্থী মুফতি ফজলুল করীমের প্রচারণায় হামলায় ছয় কর্মী আহত। কক্সবাজারের হারবাংয়ে গণসংযোগে যুবদল নেতার নেতৃত্বে হামলা হয়।
অন্য দিকে প্রচারণায় নারী কর্মীদের লক্ষ্য করে ভয়ভীতি ও লাঞ্ছনার একাধিক অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে, যশোরের শার্শা ও ঝিকরগাছায় নারী প্রচারকর্মীদের হেনস্তা, এক নেত্রী আহত। নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী কর্মীকে ঘেরাও করে হুমকি ও শারীরিক লাঞ্ছনা। কুষ্টিয়ায় প্রার্থী মুফতি আমির হামজার মা ও নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নেয়া ও অপমান। সীতাকুণ্ড ও নওগাঁয় প্রচারণায় বাধা ও ধারাবাহিক হেনস্তা।
আচরণবিধি লঙ্ঘনের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনে পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও ভাইরাল। ইমাম-খতিবদের কাছে উপঢৌকন বিতরণের অভিযোগ রয়েছে।
ভাঙচুর ও হামলা: ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো, জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়িবহরে হামলা।
উসকানিমূলক বক্তব্য : ‘ভোটের দিন দেখা হবে’ ধরনের হুমকির অভিযোগ।
অস্ত্রসহ গ্রেফতার ও যৌথ অভিযান : গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা মিলন মিয়া গ্রেফতার। ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবদল নেতা আটক। মাগুরা শালিখায় অস্ত্র ও গোলাবারুদসহ দুই নেতা আটক। নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য : শেরপুরে যুবদল নেতা হত্যার গুজব, কিশোরগঞ্জে মিথ্যা হত্যার দাবি, শহীদ পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচার।