রাবিতে পাকিস্তানের এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর

Printed Edition
3rd-2
পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি দল গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেন : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এ সময় তারা রাবি ভিসি প্রফেসর মো: ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে ভিসিকে অবহিত করেন। ভিসি এই উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে প্রোভিসি (প্রশাসন) প্রফেসর মো: আব্দুল আলিম, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো: নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো: আনোয়ার হোসেন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলেপমেন্ট বিভাগের প্রফেসর মো: নুরুজ্জামান হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রতিনিধিদলটি এদিন পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। বেলা ১১টা থেকে রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।