বিনা টেন্ডারে ১,৭৫৮ কোটি টাকায় এক লাখ টন ডিজেল কিনছে সরকার

Printed Edition

বিশেষ সংবাদদাতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ডিজেল আমদানিতে ব্যয় হবে এক হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতির (বিনা টেন্ডারে) মাধ্যমে এক লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এই ডিজেল কেনার প্রস্তাব নিয় আসা হয়।

এর আগে, গত ২১ এপ্রিল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নেয়া হয়।

ওই বৈঠকে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর পাশাপাশি দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আর্চার এনার্জি এলএলসির কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক লাখ টন ইএন৫৯০-১০ পিপিএম মানমাত্রার সালফারযুক্ত ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা দিয়ে এই ডিজেল কেনার অনুমোদন দেয়া হয়।

৭২ কোটি ৫৩ লাখ টাকায় কেনা হচ্ছে ৯০০০ টন মসুর ডাল

টিসিবির কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী দামে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি লটে ৯ হাজার মে. টন মসুর ডাল (৫০ কেজি বস্তায়) ক্রয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৭২ কোটি ৫৩ লক্ষ ১০ হাজার টাকা।

সভা সূত্রে জানা গেছে, ডাল কেনার জন্য দরপত্র আহ্বান করা হলে তিনটি লটের বিপরীতে চারটি দর প্রস্তাব জমা পড়ে।

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) কর্তৃক তিনটি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্নœ তিনটি দরদাতা প্রতিষ্ঠান :

(১) শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লি. ঢাকার কাছ থেকে প্রতি কেজি ৭৯.৮৯ টাকা হিসেবে তিন হাজার মে.টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা;

(২) মেসার্স সালমান খুরশীদ, রাজশাহীর কাছ থেকে প্রতি কেজি ৭৯.৮৯ টাকা হিসেবে তিন হাজার মে.টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা; এবং

(৩) মেসার্স সালমান খুরশীদ, রাজশাহীর কাছ থেকে প্রতি কেজি ৮১.৯৯ টাকা হিসেবে তিন হাজার মে.টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।

২০২৫-২০২৬ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা দুই লক্ষ ৩০ হাজার মে.টন। ইতোমধ্যে এক লাখ ১৫ হাজার ৮৫৬ মে.টন মসুর ডাল কেনা হয়েছে।