পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা : নিহত ২
Printed Edition
আলআরাবিয়া
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে দু’জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় এ অঞ্চলে ওয়াশিংটনের অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০৭ জনে। প্রকাশিত পোস্টে একটি ছোট নৌকায় ভয়াবহ হামলার কালো-সাদা ভিডিও সংযুক্ত করা হয়েছে। ভিডিওতে দু’টি বিস্ফোরণের ঝলকানি এবং জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যায়।
গত সেপ্টেম্বর থেকে মার্কিন সামরিক বাহিনী অন্তত ৩০টি হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকা মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল। অধিকাংশ হামলাই পূর্ব প্রশান্ত মহাসাগরে সংঘটিত হয়েছে। কিছু ক্যারিবিয়ান আবার সাগরেও ঘটেছে। তবে ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দেয়নি যে, নৌকাগুলো মাদক পাচারে জড়িত ছিল। ফলে এই অভিযানের বৈধতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো সম্ভবত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান, তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করে। মার্কিন সেনাবাহিনীর পোস্টে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। বর্তমানে ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চাপ প্রয়োগের প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে মাদুরো ল্যাটিন আমেরিকার দেশটির বিশাল তেলের মজুদে প্রবেশাধিকার পেতে ওয়াশিংটনের শাসন পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর আংশিক নৌ অবরোধ আরোপ করেছে এবং সম্প্রতি তেল ট্যাংকার আটক করেছে। ট্রাম্প বলেছেন, তথ্য ফাঁসের উদ্বেগের কথা উল্লেখ করে ভেনিজুয়েলায় সমুদ্রে বা স্থলে সন্দেহভাজন নৌকায় হামলা চালানোর জন্য তার আইন প্রণেতাদের অনুমোদনের প্রয়োজন নেই।
মাদক পাচার স্থাপনায় মার্কিন হামলার দাবি ট্রাম্পের
ভেনিজুয়েলার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর। তিনি জানিয়েছেন, মার্কিন বাহিনী দেশটির একটি ডক বা তীরবর্তী এলাকায় অবস্থিত মাদকবাহী নৌ-ঘাঁটিতে হামলা চালিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই স্থানটি ছিল মাদক পাচারকারী নৌকাগুলোতে মাদক ভর্তি করার কেন্দ্র। যদি এ হামলা সত্যি হয়ে থাকে, তবে এটি হবে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন মাদকবিরোধী অভিযানের পর ভেনিজুয়েলার মাটিতে প্রথম স্থলভাগে আঘাত।