হাম ও উপসর্গে মৃত্যু ৬৩১ জনে পৌঁছেছে

২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩ শিশুর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। সর্বশেষ তিনজনকে নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩১ জন ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৫৪ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর ৯৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে মোট ৯ হাজার ৮৩৩ জন, আর মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জন।

মমেকে মৃত্যু ৫০ ছুঁই ছুঁই

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।

এ দিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু ভর্তি হয়েছে। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু।

গতকাল সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুটি ৬ বছর বয়সী এক মেয়ে, বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। গত ৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাম ছাড়াও কর্নিয়াল আলসারে আক্রান্ত ছিল।