লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় ২ বাংলাদেশী নিহত
ঢাকার তীব্র নিন্দা
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে সরকার।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, গত সোমবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশী নাগরিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ কঠোরতম ভাষায় নিন্দা জানাচ্ছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনীর মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছে।
বাংলাদেশ মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে।